ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে প্রকাশ করা হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে নানা গুঞ্জন ও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাস্থল ও ভিডিও সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী সেখানে জড়ো হন। এরপর তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে মহাসড়কের পাশেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর হঠাৎ প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি দেখে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘যে সংগঠনটি সরকার কর্তৃক বর্তমানে নিষিদ্ধ, তারা কীভাবে মহাসড়কে মিছিল ও সমাবেশ করার সাহস পেল, সেটাই এখন বড় প্রশ্ন। প্রকাশ্যে মিছিলের পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’’
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









