নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণের ফলে স্পার্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ওই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গোডাউনে থাকা কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে আগুনে গোডাউনের কী পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটিও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নির্বাপণ ও ঘটনাস্থল পর্যবেক্ষণের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সানারপাড় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









