বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকালে ৩৯ হাজার ৯২৪ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকের বাসিন্দা কবির আহমেদের ছেলে মো. কলিমুল্লাহ (২৫) এবং একই ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা জাকির আহমেদের ছেলে সিরাজুল মোস্তফা (২৪)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ছোট ব্যাগ তল্লাশি করে ৩৯ হাজার ৯২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









