বয়স মাত্র পাঁচ বছর বয়সী শিশু নূর মোহাম্মদ লড়ছে জীবন-মৃত্যুর এক যুদ্ধে। মরণব্যাধি ব্রেন ক্যানসার একটু একটু করে কেড়ে নিচ্ছে নূরের আলো। সে পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের দিনমজুর মো. জিন্নাহ’র ছেলে।
বর্তমানে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার ‘পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি’ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইমরুল কায়েসের অধীনে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
ডা. মো. ইমরুল কায়েস জানিয়েছেন, নূর মোহাম্মদকে পুরোপুরি সুস্থ করে তুলতে আরও আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে থমকে যেতে বসেছে বাঁচার শেষ আশাটুকু।
নুন আনতে পান্তা ফুরানো দিনমজুর বাবার পক্ষে ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে ভিটামাটি ও সম্বল বলতে যা ছিল সব বিক্রি করে, ধার-দেনা হয়ে এবং গ্রামের মানুষের সহায়তায় এতদূর চিকিৎসা চালিয়েছেন তিনি। কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই, নিঃস্ব জিন্নাহ।
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করতে করতে যখন অবুঝ সন্তানটি বাবার দিকে তাকিয়ে আকুতি জানায়, ‘আব্বা, আমার ব্যথা করে, আমাকে ভালো করে দাও’ তখন অঝোরে চোখের পানি ফেলা ছাড়া অসহায় বাবার আর কিছুই করার থাকে না। টাকার অভাবে চোখের সামনেই ঝরে যাচ্ছে একটি ফুটফুটে তাজা প্রাণ?
একটু সহানুভূতি, সামান্য একটু আর্থিক সহায়তাই পারে এই নিষ্পাপ শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আকুল আবেদন জানিয়েছে নূরের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা
নূর মোহাম্মদকে সাহায্য এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন: পিতা মো. জিন্নাহ ০১৭৫৪-৭৮২৭১৩ বিকাশ (পার্সোনাল)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









