ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার টাকা পরিশোধ করার পাঁচ বছর পরও পণ্য বা অর্থ ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী হাচিবুর রহমান রাজু। এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ই আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন। এক দিন আগে, মঙ্গলবার (১১ই আগস্ট) ঝালকাঠি সদর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
মামলার বাদী হাচিবুর রহমান রাজু ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সদস্য।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১২ মার্চ ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি বাজাজ পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মোটরসাইকেল অর্ডার করেন হাচিবুর রহমান রাজু। একই বছরের ১৫ মার্চ ‘নগদ’-এর মাধ্যমে মোটরসাইকেলের মূল্য বাবদ ১ লাখ ৬ হাজার ৯৪০ টাকা পরিশোধ করেন তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করতে ব্যর্থ হলে ইভ্যালি কর্তৃপক্ষ ২০২১ সালের ৭ অক্টোবর স্থানীয় শোরুম থেকে মোটরসাইকেল কেনার জন্য বাদীকে ১ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক দেয়। তবে চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাবটি স্থগিত (ফ্রিজ) রয়েছে বলে ব্যাংক থেকে জানানো হয়। এরপর একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি অর্থ বা মোটরসাইকেল কোনটিই পাননি।
মামলার বাদী হাচিবুর রহমান রাজু জানান, বিষয়টির আদালতের বাইরে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্তরা অর্থ ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগে আদালতের শরণাপন্ন হন তিনি।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, ‘‘দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিংবা পরিশোধ করা অর্থ ফেরত পাননি বাদী। একাধিকবার যোগাযোগ ও সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় আদালতে মামলা করা হয়। আদালত অভিযোগের প্রাথমিক ভিত্তি বিবেচনায় নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









