চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯ বোতল অবৈধ স্কাফ সিরাপসহ মো. আব্দুল করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. লিটন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় পিরোজপুর এলাকার আব্দুল করিমের পশ্চিম দুয়ারী আধাপাকা শয়নঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে কোডিন ফসফেট মিশ্রিত ৯ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল করিম পিরোজপুর এলাকার মো. শুকুরুদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদকমুক্ত সমাজ গড়তে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









