নেত্রকোনার মোহনগঞ্জে আইন উপেক্ষা করে রাস্তা দখল করে দোকানপাট তৈরি ও মাদকদ্রব্য বহনকারী ও সেবনের অভিযোগে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের সবাইকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার মোহনগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
ভূমি কমিশনার এম এ কাদের জানান, রাস্তা দখল করে দোকানপাট তৈরি করে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করায় সড়ক পরিবহন আইনে বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের মো. ওয়ালি উল্লাহ (৪০), ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মো. হাবিব (২৫) এবং মোহনগঞ্জের দেওথান এলাকার মো. নজরুল ইসলাম (৫০) প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও তাদের প্রত্যেকে ৫০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অপরদিকে মোহনগঞ্জ শহরের রাউৎপাড়া এলাকার মো. শরীফ মিয়াকে (২৮) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
হাওর অঞ্চলে মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার মোহাম্মদ রাব্বি আহাম্মদকে (২৮) মাদক পরিবহন ও সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, কাউকে কোন অপরাধের জন্য ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলতে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









