নাটোরের সিংড়ায় দাখিল পরীক্ষার ২০২৬ এর ফলাফলে উপজেলা পর্যায়ে সেরা সাফল্য অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও মানবিক বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। উপজেলার দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। এর মধ্যে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী রয়েছে।
বিজ্ঞান বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী রুকাইয়া আক্তার জান্নাতী। সে ১ হাজার ১৮১ নম্বর পেয়েছে। একই বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছে মিফতাহুল জান্নাতী হুমায়ারা, তার প্রাপ্ত নম্বর ১ হাজার ১৭৬। প্রথম স্থান
অর্জনকারী রুকাইয়া আক্তার জান্নাতী পৌর শহরের সরকারপাড়া মহল্লার মাওলানা জহুরুল ইসলামের মেয়ে। দ্বিতীয় স্থান অর্জনকারী মিফতাহুল জান্নাতী হুমায়ারা শোলাকুড়া মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুল মতিনের মেয়ে।
অন্যদিকে মানবিক বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে একই মাদ্রাসার মো. আনাস আম্মার। সে ১ হাজার ১৪১ নম্বর পেয়েছে। পৌর শহরের পেট্রোবাংলা মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে আনাস আম্মার।
দাখিল পরীক্ষায় শোলাকুড়া মাদ্রাসার শিক্ষার্থীদের এমন কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এনতাজ আলী ও অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








