বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘‘পূজার কার্যক্রম শুরু হয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক প্রস্তুত, অপরাধরোধে আইনশৃঙ্খলাবাহিনীসহ সকল গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এ বছর আমরা আরও ভালোভাবে পূজা উদযাপন করতে পারব। কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্ন ভাবে এই সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালানোর প্রক্রিয়া নিয়েছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি।’’
শনিবার (১০ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে যেন পূজা উদযাপন হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক একটি জাতীয় সমস্যা। শুধু টাঙ্গাইল নয় সারা বাংলাদেশই। আমরা এটিকে জিরো টলারেন্স নিয়েছি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলেই ‘কনর্সান’।’’
তিনি বলেন, ‘‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মাদকের ব্যাপারে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। যাতে করে এটা নিয়ন্ত্রণে আনা যায়। মাদক নিয়ে যে পরিমাণ মামলা হয়েছে শুধু টাঙ্গাইলে, অন্যকোনো জেলায় এতো মামলা হয়নি।’’
টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সামছুল আলম সরকার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









