চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান ও সম্পাদক পদে মো. আব্বাস আলী নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) ভোটগ্রহণ ও গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মনির উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চাকা প্রতীকে মজিবুর রহমান ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের মো. আশরাফুল ইসলাম পান ১৮৮ ভোট এবং ছাতা প্রতীকের মো. এসরাফিল পান ২৮ ভোট।
সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে বিজয় কুমার চক্রবর্তী ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের দুরুল হোদা ১৬৪ এবং গরুগাড়ি প্রতীকের মো. সাদিকুল ইসলাম ৮৭ ভোট পান।
সম্পাদক পদে মই প্রতীকে আব্বাস আলী ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। মাছ প্রতীকের মো. তৌহিদুজ্জামান বাবু ১৮৮ এবং আম প্রতীকের মো. জাহিদ হাসান ৫০ ভোট পান।
কার্যনির্বাহী সদস্য পদে হাতপাখা প্রতীকে মো. আমিন ৩৫৩ ভোট, হরিণ প্রতীকে মো. মাসুদ রানা (কমল কাদরী) ৩৫০, ফুটবল প্রতীকে মো. ফারুক আহমেদ ৩২৬, কবুতর প্রতীকে মো. সেলিম সরকার ৩১৬, আনারস প্রতীকে মিলন আহমেদ রিপন ২৫১ এবং সেলাই মেশিন প্রতীকে আবদুল মতিন ২১৩ ভোট পেয়েছেন।
ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পোলিং এজেন্টদের স্বাক্ষর নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









