পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ জাল এবং ২টি নৌযান জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরবর্তী সময়ে উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা দুটি উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার পায়রা নদীর পাংগাশিয়া, আলগী, লেবুখালী, আংগারিয়া, মুরাদিয়া, লোহালিয়া ও পান্ডব নদীর বিভিন্ন পয়েন্টে এ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজ রহমানসহ উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, মা ইলিশ রক্ষা ও প্রজনন নিরাপদ করতে পায়রা নদীসহ সংশ্লিষ্ট সকল জলাশয়ে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য স্থানীয় জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









