কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক আসামিকে আটক এবং ৫১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চালানো এসব অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ওষুধ ও পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে চরচিলমারী বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৪,৬০০ পিস ভারতীয় সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেটসহ মোঃ মঞ্জু মাতবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মঞ্জু মাতবর দৌলতপুরের পুরাতন খারিজাথাক গ্রামের মোঃ আখতার মাতবরের ছেলে। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।
একই রাতে সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল মদ, ৪,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৯১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে বিজিবি। যার সিজার মূল্য ১৪ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা।
এছাড়া ১২ আগস্ট দুপুর পৌনে ১টার দিকে মথুরাপুর মাঠ এলাকা থেকে ৬ বোতল মদ ও ৩,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।
পরদিন ১৩ আগস্ট ভোর ৪টায় বিলগাথুয়া মাঠ এলাকা থেকে বিজিবি টহল দল ২৭ বোতল মদ, ৯৯৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার সিজার মূল্য ৪ লাখ ৮৯ হাজার টাকা। একই সময়ে আশ্রায়ন বিওপির টহল দল পুরাতন ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১২০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে।যার সিজার মূল্য ৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
ভোর ৫টায় ঠোটারপাড়া বিওপির দল পাকুরিয়া মাঠ এলাকা থেকে ৩ বোতল মদ, বিভিন্ন ব্রান্ডের ৬ বোতল সিরাপ, ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬ হাজার ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









