কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য ১৪ জন বিভিন্ন নিয়মিত ও অপরাধ মামলার আসামি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ১১ আগস্ট থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দিন-রাত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে সর্বোচ্চ চারজন গ্রেপ্তারে হয়েছেন। এছাড়া করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, কটিয়াদী, ভৈরব ও নিকলী থানা এলাকা থেকে তিনজন করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাজিতপুর, কুলিয়ারচর, পাকুন্দিয়া, মিঠামইন ও ইটনা থানা এলাকাতেও অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তবে গত ২৪ ঘণ্টায় অষ্টগ্রাম থানা এলাকায় কোনো গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্যমতে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, সহিংসতা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান শেলী বলেন, ‘অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’
মাদকের বিস্তার রোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ প্রশাসন বলছে, শুধু অভিযান পরিচালনা নয়, অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কিশোরগঞ্জের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আগামী দিনগুলোতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জকে নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









