জৈন্তার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণাধর্মী কাজের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, ইতিহাস ভুলে গেলে একটি জাতি তার শেকড় হারিয়ে ফেলে। তাই জৈন্তার অতীত ঐতিহ্য সংরক্ষণ ও তা প্রামাণ্যভাবে লিপিবদ্ধ করা সময়ের দাবি। জৈন্তা দারুছ ছুন্না জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা উসমান গণি রচিত ‘জৈন্তার ভূলে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বইটির লেখক মাওলানা উসমান গণি বলেন, জৈন্তার বহু গুরুত্বপূর্ণ ইতিহাস আজ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিনের অনুসন্ধান, প্রবীণদের স্মৃতিচারণ ও বিভিন্ন তথ্যসূত্র সংগ্রহের মাধ্যমে বইটি প্রস্তুত করা হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজেদের ইতিহাস জানতে পারে, সেটিই আমার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ স্থানীয় ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চার আগ্রহ তৈরিতেও বইটি সহায়ক হবে। জৈন্তার ঐতিহ্য নিয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন। ইতিহাস সংরক্ষণে সমাজের সব শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসা উচিত। এই জনপদের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির চর্চা মানুষকে আত্মপরিচয় সম্পর্কে সচেতন করে, বইটি সে কাজেই অবদান রাখবে। স্থানীয় ইতিহাস ভিত্তিক বই গবেষক ও শিক্ষার্থীদের জন্য মূল্যবান তথ্যভান্ডার হিসেবে কাজ করবে। আমাদের এই অঞ্চলে অনেক গুনীজন ছিলেন এবং এখনো আছেন, অথচ বর্তমান প্রজন্ম তা জানে না। জৈন্তাপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখালেখি ও গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত হওয়া দরকার। প্রেসক্লাব সবসময় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাবে।
প্রবীন শিক্ষক সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জৈন্তা দারুছ ছুন্না জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্টাতা সুপার মাওলানা উসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের জীবন সদস্য আলতাফুর রহমান, শিক্ষক ও লেখক ফয়জুল হক, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সুহেল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ হেলাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, প্রেসক্লাব সদস্য নুরুল ইসলাম ও আবুল হোসেন মো. হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে বইটির প্রকাশনায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা লেখক ও গবেষক আব্দুল হাই আল হাদির ছাপা সংক্রান্ত কাজে অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রবাসী হাফিজ মো. আব্দুল্লাহ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সচিব মো. হেলাল উদ্দিন, দরবস্তের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ার হোসেনসহ বিভিন্ন তথ্যসূত্র দিয়ে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি হাফিজ মাওলানা সামছুজ্জামান। পরে অতিথিবৃন্দ বইটির মোড়ক উন্মোচন করেন এবং লেখককে শুভেচ্ছা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









