নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৬০ বস্তা সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সারবোঝাই একটি বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
আটক ব্যক্তিরা হলেন—হাতিয়া বাজার এলাকার মোহাম্মদ কাজীর ছেলে আব্দুল ওহাব (১৯), একই এলাকার আলমগীরের ছেলে হানিফ (২৬), আবুল খায়েরের ছেলে মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজ এলাকার বেলাল হোসেনের ছেলে পারভেজ উদ্দিন (২৬) এবং গাজীপুরের কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার লোকমানের ছেলে পলাশ (১৮)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিএডিসির সিলযুক্ত ৭৬০ বস্তা সার পাওয়া যায়।
কোস্টগার্ডের দাবি, সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তবে পাচারের আগে নদীপথেই চালানটি আটকে দেওয়া সম্ভব হয়েছে।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পণ্য পাচারের অভিযোগে হাতিয়া থানায় মামলা করা হয়েছে। পরে আটক পাঁচজন ও জব্দ করা বোটটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সীমান্তপথে অবৈধভাবে সারসহ বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে নদীপথে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









