পাবনার সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে বিতর্কিত নিয়োগ বাতিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ফজলুল বারী সান্টু, সাবেক সহসভাপতি শাজাহানা আলী ও সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ মজনু। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা যথাযথভাবে বজায় রাখা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ফজলুল বারী সান্টু বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অন্য বক্তারাও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিতর্কিত নিয়োগ বাতিল করে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত বিতর্কিত নিয়োগ কার্যক্রম পুনর্বিবেচনার পাশাপাশি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার অপসারণের দাবিও জানানো হয়।
নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ‘শুধু মুখে মুখে বললে হবে না যে অনিয়ম হয়েছে। ডকুমেন্টসসহ দিতে হবে। তারা তো ডকুমেন্টসসহ দিতে পারছে না। শত শত লোক আবেদন করেছিলেন, বাদ তো পড়বেন। আমরা নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।’
অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্যে ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও ক্ষোভ অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









