ময়মনসিংহের ত্রিশালে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানের সময় বালুঘাটের এক কর্মচারীকে মারধরের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত ওই আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ইউএনও আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে বালিপাড়া ইউনিয়নের ধলা, মরাখলা, কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার এবং কানিহারী ইউনিয়নের ঝিলকি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানকারী দল কানিহারী ইউনিয়নের কুলুবাড়ি মোড় এলাকার একটি বালুঘাটে যায়।
সেখানে থাকা কর্মচারীদের দাবি, বালুর স্তূপ ত্রিশাল উপজেলার অংশে থাকলেও সংশ্লিষ্ট বালুঘাটটি ঈশ্বরগঞ্জ উপজেলার সীমানায় অবস্থিত। এ নিয়ে অভিযানকারী দলের সঙ্গে ঘাটের কর্মচারীদের কথাবার্তা হয়।
এ সময়ের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইউএনও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), র্যাব ও আনসার সদস্যরা বালুঘাটের কার্যালয়ে প্রবেশ করেন। ইজারার কাগজপত্র দেখতে চাওয়া হলে ঘাটের কর্মচারী জোবায়ের হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র সেখানে নেই।
পরে ইউএনওর পরিচয় জানতে চান জোবায়ের। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে ইউএনওকে ওই কর্মচারীকে চড়-থাপ্পড় দিতে এবং বেত দিয়ে আঘাত করতে দেখা যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাঁকে থামানোর চেষ্টা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকেলে বালুমহালের ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈঠকে বসেন। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বৈঠকে উভয় পক্ষই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।
এর কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনও আরাফাত সিদ্দিকীকে বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়নের কপি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই এ আদেশ বাস্তবায়ন করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









