কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ কাউছার (৩৫) নামে এক টমটম চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
মোহাম্মদ কাউছার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় বসবাস করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার দুপুরে টমটম নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কাউছার। এরপর রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এরপর বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে কাউছারের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে কাউছারের পরিবার। তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, অপহৃত ভিকটিমকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অপহরণ বন্ধে অপহরণকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের সোচ্চার হতে হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি সত্যিই অপহরণের শিকার হয়েছেন কি না, নাকি অন্য কোনো কারণে তাকে আটকে রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কাউছারের অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









