পাবনার ঈশ্বরদীতে একটি এলপিজিবাহী ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শৈলকূপা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ঢাকাগামী 'গ্রিন এক্সপ্রেস'-এর একটি বাস নতুনহাট গোলচত্বরে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে ভুল লেনে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ১৫ যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কারো আঘাতই গুরুতর নয়। এ ঘটনার পরপরই ট্যাঙ্কারটির চালক ও হেলপার দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাসটির চালক রুবেল হোসেন জানান, সঠিক লেনে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা ট্যাঙ্কারটি আচমকা সামনে চলে আসায় এই সংঘর্ষ ঘটে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত ট্যাঙ্কারটি ভুল লেনে থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









