দিনাজপুরের খানসামা উপজেলায় পরিতোষ চন্দ্র রায় (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ঝাইয়াপাড়া (তারাপদপাড়া) এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পরিতোষ চন্দ্র রায় ওই এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে। জীবিকার তাগিদে তিনি একটি উইক তৈরির কারখানায় কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশঝাড়ে মরদেহ ঝুলতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পরিতোষ বাড়ি থেকে বেড়িয়ে যায়, এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাসেত সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









