নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে লুনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লুনা ওই গ্রামের আব্দুর রহিমের (সজির) মেয়ে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া গ্রামে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় তার ডান হাতে সাপ কামড় দেয়।
পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি সাপের কামড় হিসেবে বুঝতে পারেননি। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে লুনা হাত ব্যথা করছে বলে জানায়। এ সময় পরিবারের সদস্যরা ধারণা করেন, টিনের বেড়ার কোনো পেরেক হাতের তালুতে লেগে যাওয়ায় ব্যথা হয়েছে। পরে ব্যথা তীব্র হলে দ্রুত লুনাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মৃত্যুর কিছুক্ষণ পর লুনার হাতের তালু নীল রং ধারণ করলে সাপের কামড়ের বিষয়টি স্পষ্ট হয়।
লুনার বাবা আব্দুর রহিম বলেন, ‘‘রাত ৩টার দিকে মেয়েটা ঘুম থেকে উঠে বলে হাত ব্যথা করছে। হাতের তালুতে টিনের বেড়ার পেরেক লেগেছে বলে অনুমান করি। একপর্যায়ে ব্যথা তীব্র হলে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’’
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এদিনকে জানান, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হতো। সেখানে চিকিৎসা সম্ভব না হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হতো। তবে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক দেখার সময়ই শিশুটির মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









