গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে নিলুফা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ইমন হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকার একটি পুকুর থেকে নিলুফার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিলুফার মৃত্যুর ঘটনায় তার স্বামী ইমন হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
নিলুফার মৃত্যুর পর সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছে তার আড়াই বছরের কন্যাশিশু ইশা। মাকে হারানোর পাশাপাশি বাবাও পুলিশ হেফাজতে থাকায় শিশুটির দেখাশোনা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের স্বজনরা জানান, ইশার বৃদ্ধ দাদি মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। একদিকে পুত্রবধূর মৃত্যু, অন্যদিকে ছেলে পুলিশ হেফাজতে থাকায় তিনি অনেকটা অসহায় হয়ে পড়েছেন।
স্থানীয়রা নিলুফার মৃত্যুর রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ‘‘নিলুফা আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এ ঘটনার পেছনে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









