কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বালু বোঝাই ট্রলি (স্যালো ইঞ্জিনচালিত) উল্টে মো. আলিফ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় স্থানীয়রা আরো তিন শিশুকে জীবিত উদ্ধার করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট সংলগ্ন কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে চার শিশু খেলাচ্ছলে বালু বোঝাই ট্রলিটিতে উঠে পড়ে। রাস্তা অপ্রশস্ত হওয়ায় ট্রলিটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলির চালক সাঁতরে ওপরে উঠে আসেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আব্দুল আহাদ, জিহাদ ও ওমর ফারুক নামের তিন শিশুকে নদী থেকে জীবিত উদ্ধার করলেও আলিফ পানিতে তলিয়ে যায়।
সংবাদ পেয়ে বেলা সোয়া ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ডুবন্ত গাড়িটি পানি থেকে তোলা সম্ভব হলেও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান মেলেনি।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









