নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, আরবান স্কুলের সামনে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জসিম, মোহনসহ ৭-৮ জনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
আত্মরক্ষার্থে পুলিশ সদস্যদের ছোড়া পাল্টা গুলিতে মাদক কারবারি জসিম গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে ও সহযোগী মোহনকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘‘আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশের অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









