নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শহরের বিভিন্ন বাজারে পরিচালিত ওই অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সুগন্ধি চিনিগুড়া চাল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সৈয়দপুর পৌর বাজারের সাব্বির চাল ঘরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পৌর কাঁচাবাজারের মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার সৈয়দপুর পৌর শহরের শহীদ জহরুল হক সড়ক (বিচালী পট্টি) শহীদ ডা. জিকরুল হক রোড ও প্রধান কাঁচামাল বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত না করার মতো অনিয়মের বিরুদ্ধে আমাদের নিয়মিত তদারকি কার্যক্রম চলছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের সঠিক মূল্য ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকবিলা জানান, ব্যবসায়ীরা যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের হয়রানি করতে না পারেন এবং খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়, সে বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং এরুপ অভিযান চলমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









