লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে পৌরসভার শিশু পার্ক এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন রামগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় এসআই আব্দুশ শাকুরের নেতৃত্বে রামগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য রাশেদুল হাসান (৪২), রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু (৩৫), ছাত্রলীগের কর্মী মো. পারভেজ হোসেন (২৪), ওয়ার্ড শ্রমিকলীগের সক্রিয় কর্মী ফয়সাল হোসেন (৩১) এবং ছাত্রলীগের কর্মী মো. মুরাদ (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, রামগঞ্জ থানার মামলায় মোরশেদুল আমিন বাবু এজাহারনামীয় আসামি। অপর চারজনকে মামলার তদন্তে আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ১৫ আগস্ট দায়ের করা রামগঞ্জ থানার মামলায় সিদ্দিক উল্যা মোল্লা (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রামগঞ্জ থানার সাধারণ ডায়েরি ঘটনায় রাশেদ (৩৫) ও মো. সোহেল (৩৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ আইনের মামলায় সুজন চন্দ্র কুড়ি (৫৫) ও নুর আলম হোসেন (২৭) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ১০ আসামিকে পৃথক মামলায় যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে একটি ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে খাবার বিতরণের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশু পার্ক এলাকায় নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে খাবার বিতরণ করতে দেখা যায়। অনুষ্ঠানে আয়োজকদের কয়েকজনকে বক্তব্য দিতেও দেখা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, প্রবাসে থাকা রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজানের সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কামরুল বিএসসি, রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম বাবুসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রকাশ্য স্থানে এমন কর্মসূচি আয়োজনের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পৌরসভার প্রাণকেন্দ্র শিশু পার্কের মতো উন্মুক্ত স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কীভাবে আয়োজন করা হলো—এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, “রামগঞ্জ শিশুপার্কে নিষিদ্ধ সংগঠন প্রোগ্রাম করার জন্য আমরা পৌরবাসী দায়ী।”
স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকলে প্রকাশ্য স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজনের সুযোগ কীভাবে তৈরি হলো, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় তারা হঠাৎ এসে কিছুসংখ্যক শিশু ও নারীর মাঝে খাবার বিতরণ করে দ্রুত সেখান থেকে চলে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্যও পুলিশের অভিযান চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









