কুমিল্লা নগরীর মোগলটুলিতে অভিযান পরিচালনার সময় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টের ওপর চাপাতি ও রামদা নিয়ে হামলার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে।
শনিবার (১৫ আগস্ট) নগরীর মোগলটুলি এলাকায় সিটি কর্পোরেশনের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, অভিযান পরিচালনার একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, চাপাতি ও রামদা নিয়ে মোবাইল কোর্টের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দিকে এগিয়ে আসেন এবং হামলার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একজনকে আটক করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীর অবৈধ দখল, অনিয়ম ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি দায়িত্ব পালনের সময় মোবাইল কোর্টের ওপর হামলা বা বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ঘটনাস্থল থেকে ১জনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে সরকারি কাজে বাধা প্রদান ও হামলার চেষ্টার প্রাথমিক সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ওই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা জানান, নগরবাসীর সুবিধার্থে অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কুসিকের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা বা আইনি কাজে বাধা সৃষ্টির মতো ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









