খাগড়াছড়ির দীঘিনালায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুব্রত ত্রিপুরা (৪৩) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সাজার পরোয়ানাভুক্ত সুব্রত ত্রিপুরাকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুব্রত ত্রিপুরা চাপ্পাপাড়া এলাকার ধনীপূর্ণ ত্রিপুরার ছেলে এবং দীঘিনালা উপজেলার ৩১ নম্বর বোয়ালখালী মৌজার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে সুব্রত ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









