মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হক দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে আব্দুল হকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন বলেন, আব্দুল হক সহজ-সরল মানুষ ছিলেন। তার সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাদের জানা নেই। শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে গেছে।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









