লালমনিরহাটে পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জোড়া ব্রীজ মোড় থেকে লক্ষনাথ টারী সানিয়াজান নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেতু এবং পুলিশের আধুনিকায়ন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের বাস্তবায়নে পাটগ্রাম থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সেতু ও থানার ভিত্তিপ্রস্তর স্হাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তর্গত জোড়া ব্রীজ মোড় থেকে লক্ষনাথ টারী চেইনেজ .৫০ মি. সানিয়াজান নদীর উপর ১০৪.১ মি. আর্চ সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। স্বপ্নের সেতুটি হওয়ায় আলোর মুখ দেখলেন লাখো মানুষ।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘‘তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছর শুরু হবে ও এ বিষয়ে বুয়েটে একটি সেমিনার রয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক।’’
তিনি আরো বলেন, ‘‘শুষ্ক মৌসুমে নদীতে পানি ধরে রাখতে দেশের ২য় বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি যাতে করে তিস্তার পানির সুষ্ঠু ব্যবস্থাপনা হয়।’’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী বলেন, ‘‘সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামো পুনর্বাসনে কাজ শুরু হয়েছে।’’
থানার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশে যদি আইনশৃঙ্খলা না থাকে তাহলে গণতন্ত্র থাকবে না। তাই জরাজীর্ণ ভবনে সেবা পরিচালিত হচ্ছে, যা কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়বে।’’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, পাটগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দীপ জন মিত্র, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









