মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কৃষকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স হাজী খোরশেদ হোসেন ট্রেডার্সকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল প্রতিষ্ঠানটি। এ সময় কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি বেশি দামে সার বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কৃষকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থও ফেরত দেওয়া হয়েছে। সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান এবং ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মহসিন খান হিরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









