সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী দুই বছর মেয়াদি এই পরিচালনা পর্ষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও ২৪ জন পরিচালকসহ মোট ২৭ জন নির্বাচিত হবেন। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে চেম্বার অব কমার্সের হলরুমে তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। পরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার সাংবাদিকদের নির্বাচনের বিস্তারিত জানান।
তফসিল অনুযায়ী, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং আপত্তি নিষ্পত্তি হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৩ অক্টোবর। মনোনয়নপত্র বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী আপিল বোর্ডে আপত্তি জানাতে পারবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের নোটিশ দেওয়া হবে ১২ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। ওই দিনই প্রত্যাহার শেষে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে। ফলাফলের বিরুদ্ধে ভোটের দিন থেকে পরবর্তী কয়েক দিন আপত্তি দাখিল করা যাবে। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে পরের সপ্তাহে। সবশেষে ১০ নভেম্বর বিকেলে নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, বিধিমালা অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য তারিখের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। ভোটের ৬০ দিন আগে পর্যন্ত বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন করলে সংশ্লিষ্ট সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
তিনি বলেন, ‘‘৫ নভেম্বর ভোটের তারিখ ধরে ৬ সেপ্টেম্বরকে সদস্যপদ নবায়নের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এর পরে যারা সদস্যপদ নবায়ন করবেন, তারা এবারের নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









