লালমনিরহাটের পাটগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা বিএনপির সদস্য বাদশাহ জাহাঙ্গীর চপলের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি চপলের ভাই উজ্জ্বল ও তার ভাতিজা অননের অবৈধ ‘বোমা মেশিন’ অভিযান চালিয়ে ধ্বংস করে পুলিশ। সাংবাদিক সবুজ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন—এমন সন্দেহে বাদশাহ জাহাঙ্গীর চপল তাকে ফোনে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
সাইফুল ইসলাম সবুজ দৈনিক ভোরের কাগজ, দৈনিক ডেসটিনি ও দৈনিক যুগের আলো পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও পাটগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
সাইফুল ইসলাম সবুজ বলেন, “ফোনে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বাদশাহ জাহাঙ্গীর চপলের ভাই উজ্জ্বল ও ভাতিজা অনন দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতে নদীতে বোমা মেশিন চালায়। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তাদের মেশিন ধ্বংস করে দেয় কিন্তু তারা মনে করে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছি। এই কারণে আমাকে মেরে ফেলাসহ ফোনে নানা হুমকি দেন,ম এতে বিষয়টি নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেন কোনো ধরনের হয়রানি বা ক্ষতির শিকার না হই, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, বাদশাহ জাহাঙ্গীর চপলের বিরুদ্ধে এর আগে পাটগ্রাম থানা ভাঙচুরের মামলায় আসামি থাকার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি ও বর্তমান আইনি অবস্থান যাচাই করা প্রয়োজন।
এ অভিযোগের বিষয়ে বাদশাহ জাহাঙ্গীর চপলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিককে ফোনে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় মানববন্ধনের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘‘প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









