ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও পীর সাহেব কেওড়াবুনিয়ার মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করীম আকন।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বরগুনা প্রেস ক্লাব হলরুমে জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকনের সঞ্চালনায় কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
সভায় দায়িত্বশীলদের উদ্দেশে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর প্রধান অতিথি ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ঘোষিত কমিটির প্রধান দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সহ-সভাপতি আলহাজ মাওলানা জালাল উদ্দীন কারিমী ও মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ, সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা নুরুল আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক, প্রচার, দপ্তর, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ ও জনশক্তি, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্য, নির্বাচন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আটজন সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন।
জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ আল মামুন জানান, মহিলা ইউনিটে পৃথকভাবে ১৮ জন দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









