পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বাধা দিতে গিয়ে বিবাদীদের হামলায় অসীম কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাস বাড়ি সংলগ্ন ৫ একর ৮২ শতাংশ জমি নিয়ে সুনিল কুমার দাস ও গোপাল চন্দ্র দাস গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও দেওয়ানি মামলা (নং- ৫২৫/২০২১) বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে গত ৮ অক্টোবর বিবাদীরা জমিতে সীমানা পিলার বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বিবাদী গোপাল চন্দ্র দাস, কালী দাস, রবি চন্দ্র দাসসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জন পটুয়াখালী থেকে একটি গাড়িতে করে লোক এনে আবার জমি দখলের চেষ্টা চালায়। এ সময় ঘর তোলার মালামাল জড়ো করতে দেখে ভুক্তভোগীরা বাধা দিলে অসীম কুমার দাসের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
খবর পেয়ে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে দখলকারীরা সটে পড়ে এবং পুলিশ ঘটনাস্থল থেকে ঘর তৈরির মালামাল সরিয়ে জমি দখলমুক্ত করে।
অভিযোগকারী সুনিল কুমার দাস জানান, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা বহিরাগত লোক এনে জোরপূর্বক জমি দখলের পাঁতারা করছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে বিবাদী রবি চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









