ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের গনকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম কাচিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গনকা বাজার এলাকার বাসিন্দা লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় জাহানারা বেগমকে বিষাক্ত সাপে কামড় দেয়। এতে তার ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাচিনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহানারা বেগমকে সাপে কামড় দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









