রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনে সেবা নিতে আসা নাগরিক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে বিপরীত আস্রবণ পদ্ধতির বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
নগর ভবনের প্রথম থেকে দশম তলা পর্যন্ত প্রতিটি তলায় এ বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সিটি করপোরেশনে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিক এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। নাগরিক সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নগর ভবনের প্রতিটি তলায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থা নগর ভবনে আগত নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ পানি পানের সুযোগ আরও সহজ করবে।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









