দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ মোছা. জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে আটক করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার বাসিন্দা মো. মামুন আলীর স্ত্রী মোছা. জুঁই আক্তারকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার স্বামীর বাড়ি থেকে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরে আটক জুঁই আক্তারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের আবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৪ হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ নিয়ে মোট উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ৬৪০ পিস।
বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মো: জাহাঙ্গীর বাদশা রনি জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









