নতুন ভবনের উদ্বোধন, ফুটবল প্রতিযোগিতা, বিতর্ক, পাঠচক্র ও বই পড়ার আয়োজন—এর সঙ্গে ছিল নজরুলসংগীত, নৃত্য, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সচেতনতার নানা বার্তা নিয়ে কালীগঞ্জে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুরের কালীগঞ্জে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ভেন্যুতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
সকালে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও সেইন্ট নিকোলাস হাইস্কুল এবং পানজোরা গার্লস হাইস্কুল ও তুমুলিয়া বয়েজ হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
এর পাশাপাশি অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র ও বই পড়া প্রতিযোগিতা। এসব আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, জ্ঞান ও পাঠাভ্যাস তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়।
দিনের দ্বিতীয়ার্ধে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) সরকারি পাইলট স্কুলে নবনির্মিত ভবনের উদ্বোধন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ। পাশাপাশি পৌরসভার লিনিক সদস্যদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার আল-আমিন হাওলাদার, আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতারা।
এক দিনের এসব আয়োজনে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ ও সামাজিক সচেতনতার নানা বিষয় উঠে আসে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









