সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগের আয়োজনে সিলেটে প্রথমবারের মতো পোস্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি দল অংশ নেবে।
আয়োজকেরা জানান, ইতোমধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনটি বিভাগে পৃথক তিনটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্ব দিয়ে এ আয়োজন করা হয়েছে।
নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সকাল ১০টায় ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর নিবন্ধিত শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফেস্টিভ্যাল সমাপ্ত হবে।
পোস্টার ফেস্টিভ্যালের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো.শফিউল আলম বলেন, এসআইইউর ইংরেজি বিভাগ জ্ঞানচর্চাকে শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল ও মননশীলতার উন্মুক্ত চর্চায় বিশ্বাস করে। সেই লক্ষ্যেই সিলেটের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সৃজন-মননচর্চায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ইংরেজি বিভাগ নিয়মিতভাবে এ ধরনের নানামুখী আয়োজন করে আসছে। তিনি অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









