দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী সঞ্চালনা করেন। এতে জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা পেশাগত সমস্যা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কাজ করছেন দলিল লেখকরা। দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করা, ভাতা বৃদ্ধি এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আলোচনা সভা শেষে দাবিগুলো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন দলিল লেখকরা। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের হাতে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
দলিল লেখকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করা, দলিল লেখকদের ভাতা বৃদ্ধি, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল প্রস্তুতের সুযোগ না দেওয়া এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









