ফিফা পরবর্তী ১৫টি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে নিষিদ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।
জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপের ম্যাচে খেলার সময় উভয় দলের খেলোয়াররা মারামারিতে জড়ানোর ঘটনায় এ শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ফিফা টায়ার-১ ম্যাচ, আন্তর্জাতিক ও ন্যাশনাল টিমের পরবর্তী ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।
এরআগে টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর বাংলাদেশের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করে এক দফা শাস্তি দিয়েছিল ফিফা। এবার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করলো ফিফা।
রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।
সূত্র: বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









