সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র এক সাংবাদিককে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ভুক্তভোগী সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন এ সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়, দৈনিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে সেখান থেকে বের হয়ে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সাংবাদিক স্বপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল ও হেনস্তা করা হয়। একই সঙ্গে তার ভিডিও ধারণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি সাংবাদিক স্বপন ও তার সহযোগীকে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার চেষ্টা করেন। এতে তাদের মধ্যে শারীরিক হামলার আশঙ্কা তৈরি হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ঘটনার বিভিন্ন অংশ প্রত্যক্ষ করেন।
সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের অভিযোগ, এ ধরনের আচরণের কারণে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তি বা তার সঙ্গে থাকা কেউ তার ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি কিংবা সাংবাদিকতার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









