মধ্যরাতে হঠাৎ ঝোড়ো হাওয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজার শহরের নাজিরারটেক শুঁটকি মহাল। কয়েক মিনিটের তীব্র বাতাসে শুঁটকি মহালের অন্তত ১৫ থেকে ২০টি উৎপাদন ঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে মাচায় শুকাতে দেওয়া এবং গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ কাঁচা ও প্রক্রিয়াজাত মাছ বাতাসে উড়ে ও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নাজিরারটেক এলাকায় এ ঝোড়ো হাওয়া আঘাত হানে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল হান্নান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাবে কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।
তিনি বলেন, নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সোমবার মধ্যরাতে নাজিরারটেকে যে বাতাস হয়েছে, সেটিও ছিল ঝোড়ো হাওয়া। বৃষ্টির কারণে আগে থেকেই ওই এলাকার মাটি নরম ছিল। ফলে ঝোড়ো হাওয়ার আঘাতে বেশ কিছু ঘর বিধ্বস্ত হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার উপকূলে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, সোমবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। মধ্যরাতে হঠাৎ ভারি বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে বাতাসের তোড়ে শুঁটকি পল্লীর আড়তের চালা উড়ে যেতে থাকে। কোনো কোনো ঘরের চালা ও মাচায় শুকাতে দেওয়া মাছও বাতাসে উড়ে যায়।
মহাল মালিক শফিকুল ইসলাম বলেন, ঝোড়ো হাওয়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেকেই প্রথমে ভেবেছিলেন পাশের বিমানবন্দরে জরুরি কোনো বিমান ওঠানামা করছে। ভোরে আলো ফুটলে দেখা যায়, পলিথিন দিয়ে ঢেকে শুকাতে রাখা ছুরি শুঁটকি, লইট্যা, ফাইস্যা, চইক্কা ফাইস্যা, পোপাসহ বিভিন্ন ধরনের মাছ এবং ঘরের চালা উড়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছগুলোও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, ঝড়ের আঘাতে ১৫ থেকে ২০টি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাচায় শুকাতে দেওয়া ও গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ মাছও নষ্ট হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
নাজিরারটেক শুঁটকি মহাল কক্সবাজারের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র। কক্সবাজার শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে প্রায় ১০০ একর বালুচরজুড়ে গড়ে উঠেছে এই শুঁটকি মহাল। প্রতি মৌসুমে এখানে মাছের গুঁড়াসহ বিভিন্ন জাতের প্রায় ৫০ থেকে ৬০ হাজার টন শুঁটকি উৎপাদন হয়। যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি নাজিরারটেকের উৎপাদিত শুঁটকি বিদেশেও রপ্তানি করা হয়।
এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করায় শুঁটকি ব্যবসায়ী ও উপকূলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









