দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি কার্যক্রম শুরু হয়েছে। শুমারির মাধ্যমে নৌযানের বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে সরকারি পরিকল্পনা গ্রহণ করা হবে। তাই সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহে তথ্য সংগ্রহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান শুমারির তথ্য সংগ্রহকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা তথ্য কর্মকর্তা নূর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নৌযান শুমারিতে মোট ৬০ জন তথ্য সংগ্রহকারী ১০০টি নৌযানের ৫০ ধরনের তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত। এ জন্য তথ্য সংগ্রহকারীদের তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। পুরস্কারপ্রাপ্তরা হলেন নাজমুল হোসেন, সোহেল রানা ও প্রান্ত মিয়া।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি করা হচ্ছে। আগামী কত বছর পর আবার এ ধরনের শুমারি হবে, তা নিশ্চিত নয়। ফলে এবারের শুমারিতে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই সরকার ভবিষ্যতে নৌযান খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারে। এ কারণে তথ্য সংগ্রহকারীদের নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, শুমারিতে কোনো তথ্য বাদ না দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্য যত বেশি নির্ভুল হবে, ভবিষ্যৎ পরিকল্পনাও তত বেশি কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









