মাদারীপুর জেলার শিবচরে পরিত্যক্ত স্থান হতে অজ্ঞাত এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার পরিত্যক্ত স্থানের ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
জানা গেছে, বুধবার সকালে ওই এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর সোয়া বারোটার দিকে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে বলে পুলিশের ধারণা। এদিকে পরিত্যক্ত স্থানে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ভীড় জমায় স্থানীয়রা।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন,' খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই মুহুর্তে তেমন কিছুই বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। তাছাড়া নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনেও কাজ করছে পুলিশ।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









