মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের প্রবাসী হরি আচার্যের স্ত্রী রিতা ভট্টাচার্যকে রান্না করার সময় কুপিয়ে জখমের ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (১৯ আগস্ট) শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রিতা ভট্টাচার্য (৪৫) মারা যান। সে দুই কন্যা সন্তানের জননী।
অভিযোগ উঠেছে তারই মাদকাসক্ত দেবর রুহি আচার্য রিতাকে গত ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টার পর কুপিয়ে আহত করে। এ ঘটনায় পরে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুহি আচার্য ভাগ্যকুল হাইস্কুল রোডে দর্জি দোকান চালালেও দীর্ঘদিন ধরে ইয়াবা আসক্ত হওয়ায় ঠিকমতো ব্যবসায় মনোযোগী ছিলেন না। বহুদিন ধরেই আলাদা সংসার ও আলাদা বাড়ি হলেও রুহি আচার্য সাম্প্রতিক সময়ে তার ভাবির কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে তা পরিশোধ করেননি। সেদিন রক্তাত্বজখমের পর প্রথম দিকে দেবর রুহি আচার্য তার ভাবির সাথে হাসপাতালেই ছিল। পরে তার সম্পৃক্ততার বিষয়টি ফাঁস হয়ে গেলে রুহি আচার্য হাসপাতাল থেকে পালিয়ে যায়।
স্থানীয় গকুল বর্মন জানায়, সেদিন রুহি আচার্যকে বাড়ি থেকে বের হয়ে বালুতে রক্তাক্ত হাত মুছতে দেখেন তিনি। জানতে চাইলে কিছু না বলেই রুহি আচার্য দ্রুত চলে যায়।
রুহি আচার্যের স্ত্রীও স্বীকার করেন যে, তার স্বামী ওই সময় ভেজা কাপড়ে ঘরে এসে কাপড় বদল করে চলে যায়।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আহত ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









