যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা আরও বাড়ালে ইউরোপে থাকা মার্কিন অবকাঠামোতে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ইরান। দেশটির নেতারা এমন হুমকি দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়াও রয়েছে। গত মাসে দেশটি তাদের বাজমার বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমানকে রিফুয়েলিংয়ের অনুমতি দিয়েছিল।
এ ছাড়া সাইপ্রাসও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মার্চে দেশটিতে থাকা একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।
ইরানের পক্ষ থেকে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার-অপটিক কেবলও হামলার লক্ষ্য হতে পারে।
৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ
প্রতিবেদন অনুযায়ী, টানা ৪০ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। ৬০ দিনের ওই যুদ্ধবিরতি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিতি পায়। এ সময়ের মধ্যে দুই দেশের আলোচনায় বসার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো আলোচনা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে।
গত সপ্তাহে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে কট্টরপন্থিদের নিয়োগ দেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন, বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না।
দূরের মার্কিন স্থাপনাও লক্ষ্য হতে পারে
ইরানের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার হামলা চালালে এর জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
চলমান সংঘাতের শুরুতেই এর কিছুটা ইঙ্গিত দিয়েছিল তেহরান। সে সময় ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দূরপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দুটি পৌঁছাতে পারেনি।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তুরস্কও একসময় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।
যুদ্ধবিরতি চলাকালীন গত মাসে জর্ডানে ইরানের একটি নিখুঁত হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। এর মধ্য দিয়ে দূরবর্তী স্থানে হামলা চালানোর সক্ষমতারও ইঙ্গিত দিয়েছে তেহরান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









