চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
পরে জীবননগর থানাধীন বেনীপুর গ্রামের তিনরাস্তা নামক স্থানে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের সাথে থাকা স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের হাওড়া জেলার রাজাপুর থানার সুতায়পুর গ্রামের রায়হান হোসেন (২০), বাগেরহাটের শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের আ. শুকুর খান (২৪), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মোল্লাভর গ্রামের নয়ন আক্তার (২১), মৌলভীবাজার সদর থানার মোজফফরাবাদ গ্রামের শারমিন আক্তার রুমি (২৪) ও তার চার বছরের মেয়ে হামিদা।
এছাড়াও তাদের সাথে থাকা জীবননগর উপজেলার বেনীপুর ঘোষপাড়ার হাসিবুর রহমান হাসিব (২০) এবং বেনীপুর মাঠপাড়ার আসমাউল হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।
থানার এজাহার সূত্রে জানা যায়, সকালে বেনীপুর সীমান্ত দিয়ে ওই পাঁচজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। সকাল ১০টার দিকে জীবননগর থানার এসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বেনীপুর গ্রামস্থ তিনরাস্তা মোড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই ৭ জনকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। আসামিরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘‘বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









