নিষেধাজ্ঞার মধ্যে বনে প্রবেশ ও অবৈধভাবে কাঁকড়া শিকার করায় ৮ জেলেকে আটক করেছে বনবিভাগ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির তিন কোনা আইল্যান্ড থেকে কাঁকড়া ধরার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২), ইমরান শেখ (৩৫)। এদের সবার বাড়ি মোংলা উপজেলার বকুলতলা গ্রামে।
ঘটনাস্থল থেকে ৩০০ টি কাঁকড়া ধরা চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত সুন্দরবনে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে প্রবেশ করে অবৈধ ভাবে ঐ জেলেরা কাঁকড়া আহরণ করছিল। গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
মোংলা ও রামপালের একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে নিষিদ্ধ সময়ে সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে রাতের আঁধারে অবৈধ প্রবেশ করে এক শ্রেণির জেলেরা কাঁকড়া ও মাছ শিকার করে আসছে বলে অভিযোগ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









